hsc-student (1)
ফাইল ছবি: রাজিব ধর

কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জন, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জন, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জন এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ১১টি শিক্ষা বোর্ডে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা ২ লাখ ৯১ হাজার ২১১ জন শিক্ষার্থীর মধ্যে ১১ দশমিক ৪৫ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায়, ফল পরিবর্তনের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। অন্যদিকে, সবচেয়ে কম ফল পরিবর্তন হয়েছে রাজশাহী বোর্ডে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ময়মনসিংহ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র যাচাই করে ৮ হাজার ৩৩৯ জনের ফল পরিবর্তন করা হয়েছে। এ বোর্ডে আবেদনকারীদের মধ্যে ফল পরিবর্তনের হার ৪৪ দশমিক ১৯ শতাংশ।

ফল পরিবর্তনের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী আবেদন করেন। ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষা করে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন করা হয়েছে। বোর্ডটিতে ফল পরিবর্তনের হার ৭ দশমিক ১৬ শতাংশ।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন আবেদনকারীর মধ্যে ৩ হাজার ৬৫ জন, রাজশাহী বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের মধ্যে ৭৭৯ জন, যশোর বোর্ডে ২৬ হাজার ২৭৭ জনের মধ্যে ১ হাজার ৯০৯ জন এবং চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জনের মধ্যে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে।

বরিশাল বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ৭৭২ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ৫৫ শতাংশ, যা ময়মনসিংহের পর দ্বিতীয় সর্বোচ্চ।

অন্যদিকে, সিলেট বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন আবেদনকারীর মধ্যে ১ হাজার ৩৫৩ জন, দিনাজপুর বোর্ডে ২৪ হাজার ৫৩১ জনের মধ্যে ২ হাজার ২৪৮ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জনের মধ্যে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে (বিটিইবি) ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাদের মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ১৩ শতাংশ।

ফল পরিবর্তনের হারের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে আবেদনকারীদের মাত্র ২ দশমিক ৪৮ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।

সব মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়েছে। এতে আবেদনকারীদের মধ্যে ৩৩ হাজার ৩৪৯ জনের ফল পরিবর্তন হয়েছে।