ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে। এছাড়া শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ কমাতে ভবিষ্যতে পরীক্ষার বিষয় সংখ্যা হ্রাসের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে। এছাড়া শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ কমাতে ভবিষ্যতে পরীক্ষার বিষয় সংখ্যা হ্রাসের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দেশের সকল বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র ব্যবহার করা হবে। পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা এবং অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) স্থাপন করা হবে।’
আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা এবং সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে মন্ত্রণালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদের।
পরীক্ষায় নকল ও যেকোনো ধরনের অনিয়ম রোধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে শিক্ষামন্ত্রী জানান, এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা হবে। এছাড়া শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ কমাতে ভবিষ্যতে পরীক্ষার বিষয় সংখ্যা হ্রাসের প্রয়োজনীয়তা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী ড. এহছানুল হক মিলন আরও বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশ অপরিহার্য। অতীতে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে নকল প্রতিরোধ সম্ভব হয়েছে; আগামীতেও আমরা সেই ধারা বজায় রাখব। বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র সচিব ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ।