বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ
অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে, যার ফলে ট্রেনের সময়সূচি বিপর্যয়সহ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ
অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে, যার ফলে ট্রেনের সময়সূচি বিপর্যয়সহ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বরাদ্দের সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর ভুরুলিয়া এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে। এতে ঢাকা-রাজশাহী ও উত্তরবঙ্গগামী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, ‘ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন’-এর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর শিমুলতলী এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় পৌঁছে লাইনের ওপর অবস্থান নেয়। অবরোধের ফলে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে, যার ফলে ট্রেনের সময়সূচি বিপর্যয়সহ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদানের প্রস্তাব কারিগরি শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্র। তারা অভিযোগ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতেই এমন অযৌক্তিক সুপারিশ করা হয়েছে। অবিলম্বে এই কোটা প্রস্তাব বাতিল করে ডিপ্লোমা প্রকৌশলীদের নায্য দাবি মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম আলী জানান, রেলপথ অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অবরোধের কারণে কয়েকটি স্টেশনে ট্রেন আটকা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।