vc_masud
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদচ্যুত হওয়া অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে আবারও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক।

সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক কুয়েটসহ দেশের ৭টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের তথ্য জানান। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কুয়েটে অস্থিরতা শুরু হয়। এর জেরে ওই বছরের ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভিসি অধ্যাপক ড. সোবহান মিয়া পদত্যাগে বাধ্য হন।

ওই সময় অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে ভিসির অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চার বছরের জন্য ভিসি হিসেবে পূর্ণ মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছিল। অধ্যাপক মাছুদের প্রথম দফার মেয়াদকালে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগত বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এই ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতা এবং ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার চেষ্টায় মদত দেওয়ার অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন একদল শিক্ষার্থী। আন্দোলন চলাকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুই দফায় উপাচার্যের ওপর হামলা করেন বলেও অভিযোগ ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ২৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভিসি অধ্যাপক ড. শরীফুল আলমকে তাদের পদ থেকে অব্যাহতি প্রদান করে। প্রায় এক বছর পর আবারও একই পদে ফিরে এলেন অধ্যাপক মাছুদ।