জমজমাট আতর-টুপির বাজার, রাজধানীতে ঈদের আমেজ

বায়তুল মোকাররম, গুলিস্তান, পল্টন ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, রমজানের শেষ দিনগুলোতে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

19th March WEB
ছবি: রাজীব ধর/টিবিএস

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে টুপি, আতর ও জায়নামাজের বাজার।

বায়তুল মোকাররম, গুলিস্তান, পল্টন ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, রমজানের শেষ দিনগুলোতে এসব পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বুধবার (১৮ মার্চ) বায়তুল মোকাররম এলাকায় গিয়ে দেখা গেছে, দোকানজুড়ে সারি সারি সাজানো নানা ডিজাইনের টুপি ও জায়নামাজ। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের আতর ও পাথরের তসবিহ। কেউ পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে টুপি কিনছেন, কেউ আতরের ঘ্রাণ পরখ করছেন, আবার কেউ জায়নামাজের দরদাম করছেন।

দোকানগুলোতে তুর্কি, পাকিস্তানি ও চায়না জায়নামাজ বিক্রি হচ্ছে। তুর্কি জায়নামাজের দাম ৪০০ টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত, পাকিস্তানি জায়নামাজ ৬০০ থেকে ১ হাজার টাকা এবং চায়না জায়নামাজ ৭০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

বায়তুল মোকাররমে নতুন জায়নামাজ কিনতে আসা জয়নুল আবেদিন বলেন, “সাড়ে পাঁচশ টাকায় একটি তুর্কি জায়নামাজ কিনেছি। নতুন ডিজাইন দেখে ভালো লেগেছে।”

রাজধানীর মতিঝিল থেকে আসা কামরুজ্জামান বলেন, “ঈদের নামাজ পড়তে পরিবারের সবার জন্য আতর ও টুপি কিনেছি। তবে অন্যান্যবারের তুলনায় এবার আতরের দাম কিছুটা বেশি মনে হয়েছে।”

ছবি: রাজীব ধর/টিবিএস

উর্মি এম্পোরিয়াম হাউজের দোকানি ফয়েজ আহমেদ বলেন, “আজ ২৮ রমজান। তাই অন্যান্য দিনের তুলনায় দুপুরের পর থেকে বিক্রি ভালো হচ্ছে। গত কয়েকদিন জায়নামাজ ও টুপি বেশি বিক্রি হয়েছে, তবে সন্ধ্যার পর আতর ও তসবিহর বিক্রি আরও বাড়বে।”

আতরের মধ্যে হোয়াইট, এলিটো, কোরাইশি, সুরগতি, ওধ, চকলেট মাস্ক সুলতান, জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন ধরনের সুগন্ধি পাওয়া যাচ্ছে। এছাড়া ফিগো, হ্যাভোক, সিকোয়ান ও গোল্ডেন সেন্ট নামেও আতর বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, ক্রেতারা আতর কেনার আগে হাতের পৃষ্ঠে লাগিয়ে সুগন্ধ যাচাই করছেন। ৩ মিলিলিটারের হোয়াইট ও ওধ আতর ১৫০ টাকায়, সুরগতি ১০০ টাকায় এবং এলিটো ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। কোরাইশি আতরের ৩ মিলিলিটারের দামও ৯৫০ টাকা।

ফয়েজ আহমেদের দোকানে ৫০ টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকা পর্যন্ত দামের আতর পাওয়া যাচ্ছে। এর মধ্যে কস্তুরি বা মেশক আম্বার প্রতি মিলিলিটার ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্যবসায়ী আফজাল জানান, তুলনামূলক কম দামের মধ্যে দুবাইয়ের হারামাইন আতর ১৫ মিলিগ্রামে ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে।