WhatsApp Image 2026-11-09 at 16.23.19

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদল।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এ আগ্রহের কথা জানান প্রতিনিধিদলের সদস্যরা।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, শিক্ষার্থীদের বৈশ্বিক সম্ভাবনা বিকাশ এবং যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনা হয়। এ সময় ফুলব্রাইট স্কলারশিপ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো, ইউএস কর্নার, ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম এবং কি-নোট স্পিকার এক্সচেঞ্জসহ বিভিন্ন সহযোগিতার বিষয় উঠে আসে।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, “উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী ও সহকারী পরিচালক ড. মো. সাইফুল আলম।

যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলে ছিলেন পাবলিক এনগেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড ব্রুনার, ইয়ুথ এনগেজমেন্ট স্পেশালিস্ট জোনাথন গোমেজ, পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর ফারোহা সোহরাওয়ার্দী এবং অ্যালামনাই এনগেজমেন্ট কো-অর্ডিনেটর শামস বিন নাফিজ। এ ছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক কার্যালয়ের পরিচালক ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান এবং আমেরিকান কর্নার চট্টগ্রামের কো-অর্ডিনেটর আর রাফি হোসেন উপস্থিত ছিলেন।