২০২৭ সাল থেকে শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক, থাকছে ১০০ নম্বরের পরীক্ষা: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ প্রথম আসরে যে আটটি ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলোর ওপরেই বই লেখা হয়েছে’।

1000519242
ছবি: সংগৃহীত

২০২৭ সালের নতুন শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হচ্ছে এবং এ লক্ষ্যে চতুর্থ শ্রেণি থেকে একটি পাঠ্যবই তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার (২৫ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ প্রথম আসরে যে আটটি ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলোর ওপরেই বই লেখা হয়েছে। সেই বইয়ের ওপর ৪০ নম্বরের লিখিত পরীক্ষা এবং খেলার মাঠে ৬০ নম্বরের পরীক্ষা থাকবে। এই নম্বর না পেলে কোনো শিক্ষার্থী পাস করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘সরকার পড়ালেখাকে যেভাবে গুরুত্ব দিচ্ছে, তেমনি আমাদের সন্তানরা যেন সুস্থভাবে বেড়ে ওঠে এবং মাদক থেকে দূরে থাকে—এটি করার মূল উদ্দেশ্য তাই।’

প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে বিকেএসপিতে সুযোগ দেওয়া হচ্ছে। এ সময় তিনি দলমত নির্বিশেষে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুবসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।