আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা আসতে পারে , সৃষ্টি হতে পারে ৩.৫ লাখ সবুজ কর্মসংস্থান
আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা আসতে পারে , সৃষ্টি হতে পারে ৩.৫ লাখ সবুজ কর্মসংস্থান
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির ঘোষণা থাকতে পারে আসন্ন বাজেটে। এ কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩ লাখ ৫০ হাজার সবুজ কর্মসংস্থান সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া বনায়ন কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরে ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে।
বসতবাড়ি বনায়নের আওতায় ৫৬ লাখ চারা রোপণের পরিকল্পনাও থাকতে পারে। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় নিজ বাড়ি বা আঙিনায় এক কোটি গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হতে পারে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশকে কার্বন ট্রেডিং কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনাও থাকতে পারে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে ‘সার্কুলার ফিউচার মডেল’ বাস্তবায়নের ঘোষণা আসতে পারে।