anm_ehsanul_hoque_milon

এইচএসসি ও সমমান পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁস ঠেকাতে পুলিশ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে বরিশাল অঞ্চলের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় কোনো ধরনের প্রশ্নফাঁস হতে দেওয়া হবে না। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কেউ যাতে পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশ সদস্যরা বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। পাশাপাশি প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রী বলেন, কেন্দ্রগুলোতে কন্ট্রোল রুম ও মনিটরের ব্যবস্থা রাখতে হবে এবং সিসিটিভির ভিডিও সংরক্ষণ করতে হবে, যাতে পরবর্তীতে কোনো অনিয়মের অভিযোগ উঠলে তা যাচাই করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে দক্ষ শিক্ষক প্রয়োজন। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।