‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগসহ শিক্ষায় প্রযুক্তি ব্যবহারে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

লন্ডনে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর সাইডলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে এ আলোচনা হয়।

image
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিনির্ভর উদ্যোগ এগিয়ে নিতে গুগলের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ। এর মধ্যে সরকারের “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” কর্মসূচিও গুরুত্ব পায়। 

লন্ডনে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর সাইডলাইনে অনুষ্ঠিত এক বৈঠকে এ আলোচনা হয়।

বুধবার (২০ মে) লন্ডনের কুইন এলিজাবেথ-২ সেন্টারে গুগল ফর এডুকেশনের প্যাসিফিক রিজিওনাল ডিরেক্টর কলিন মারসন এবং হেড অব সলিউশনস ইঞ্জিনিয়ারিং অলি ট্রাসেলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সরকারের ডিজিটাল রূপান্তর পরিকল্পনায় গুগল কীভাবে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।

গুগলের কর্মকর্তারা বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার জোরদারে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

আলোচনায় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদান আরও কার্যকর করতে ডিজিটাল টুলসের ব্যাপক ব্যবহারের ওপরেও গুরুত্ব দেওয়া হয়।

বিশেষভাবে “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” উদ্যোগ নিয়ে আলোচনা হয় এবং এতে সম্ভাব্য কারিগরি সহায়তা ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে মতবিনিময় করে উভয় পক্ষ।

শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বর্তমানে এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এ অংশ নিতে যুক্তরাজ্য সফর করছেন।