WhatsApp_Unveils_New_Feature_to_Bolster_Privacy_Security

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ওপর মাঠপর্যায়ের মনিটরিং আরও জোরদার করতে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত মোবাইল নম্বর পিডিএস-এ সংযুক্ত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রধান শিক্ষকদের ্পিডিএস-এ থাকা নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মাউশির ওয়েবসাইটে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে গত ২৫ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তিতে মাউশির আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএস -এ সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় যেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকে্র পিডিএস-এ উল্লেখিত মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাঁদের নম্বর পরিবর্তন করে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পিডিএস-এ আপডেট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকদের বিষয়টি অবহিত করা হয়েছে।

মাউশির আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য। ফলে নতুন নম্বর সংযুক্ত করার মাধ্যমে ডিজিটাল মনিটরিং সিস্টেম-ভিত্তিক লাইভ মনিটরিং কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাউশির কর্মকর্তারা বলছেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের শিক্ষা কার্যক্রমের তথ্য দ্রুত সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য ডিজিটাল মনিটরিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে। প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ-সুবিধাযুক্ত নম্বর নিশ্চিত করা গেলে এই মনিটরিং প্রক্রিয়া আরও সচল হবে।