শিক্ষাখাতে বরাদ্দ ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, জিডিপির ২ শতাংশে উন্নীত করার প্রস্তাব
শিক্ষাখাতে বরাদ্দ ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা, জিডিপির ২ শতাংশে উন্নীত করার প্রস্তাব
আগামী ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষাখাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে নির্ধারণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১ দশমিক ৩৯ শতাংশ। সে তুলনায় নতুন অর্থবছরে প্রায় ৪৯ হাজার ৪০০ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
সরকারের লক্ষ্য শিক্ষায় সরকারি বিনিয়োগ ধাপে ধাপে বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ধারণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বাজেট প্রস্তাবে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে জাপানি, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফরাসি ও জার্মান ভাষা শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, দরিদ্র শিক্ষার্থীদের ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহ, মিড-ডে মিল কর্মসূচি সম্প্রসারণ, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষা-গবেষণায় বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগও বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।