03a68d23-d201-40c9-b778-414441d66d17

রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত ‎বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিএমপির বাড্ডা থানায় জিডি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান।

তিনি টিবিএসকে বলেন, ই-মেইলে বোমা হামলার হুমকি পাওয়ার পর ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় একটি জিডি করেছে। পুলিশ তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আগামীকাল এটি আরো বাড়ানো হবে।

তিনি আরো বলেন, বিষয়টি থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) অন্যান্য গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ই-মেইলটি ইউএসএ থেকে পাঠানো হয়েছে। এটি নিয়ে শঙ্কিত হওয়ার কারণ নেই।

এদিকে ‎ব্র্যাক বিশ্বদ্যালয়কে উদ্দেশ্য করে ওই ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’

এ বিষয়ে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়, এ ধরনের একটি অজ্ঞাত ই-মেইল আমরা পেয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সকল সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।