‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই!’: গলফ শিরোপা জিতে প্রতিদ্বন্দ্বীদের কটাক্ষ করলেন ট্রাম্প
গলফ ক্যারিয়ারজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও উঠেছে। অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন ২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে গলফে প্রতারণার অভিযোগ করেন।
‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই!’: গলফ শিরোপা জিতে প্রতিদ্বন্দ্বীদের কটাক্ষ করলেন ট্রাম্প
গলফ ক্যারিয়ারজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও উঠেছে। অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন ২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে গলফে প্রতারণার অভিযোগ করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সির নিজস্ব গলফ কোর্সে আরও দুটি শিরোপা জয়ের দাবি করে প্রতিদ্বন্দ্বীদের কটাক্ষ করেছেন। তিনি বলেন, ‘এটাকেই ট্যালেন্ট (প্রতিভা) বলে। আমার আছে, ওদের নেই।’
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব, বেডমিনস্টারে নিজের ‘জয়সূচক শট’-এর একটি ভিডিও প্রকাশ করেন ট্রাম্প। তিনি জানান, এ বছর সুপার সিনিয়র ও সিনিয়র— দুই বিভাগে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।
ট্রাম্প দাবি করেন, তার মালিকানাধীন বিভিন্ন গলফ কোর্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি এ পর্যন্ত ৪০টির বেশি শিরোপা জিতেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে গলফ খেলায় প্রতারণার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
ট্রাম্পের দাবি, সর্বশেষ প্রতিযোগিতায় তিনি দুই আন্ডার পার ৭০ স্কোর করে শিরোপা জিতেছেন।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি ৭০ স্কোর করে জিতেছি। এটা আমার জন্য বড় সম্মানের। কারণ অন্যদের মতো অনুশীলনের জন্য আমি খুব কম সময় পাই। আমি অন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকি। এটাকেই প্রতিভা বলে। আমার আছে, তাদের নেই।’
পোস্টের সঙ্গে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গ্রিনের দিকে শট নেওয়ার আগে ট্রাম্প দুবার অনুশীলনী সুইং করেন। এরপর বলটি আঘাত করে তৃতীয় বাউন্সেই থামিয়ে দেন।
মাইডাসের প্রধান সম্পাদক রন ফিলিপকোভস্কি প্রকাশিত আরেকটি ভিডিওতে ট্রাম্পকে বিজয়ীর ট্রফি গ্রহণ করতে এবং উপস্থিত দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন পেতে দেখা যায়। এতে দাবি করা হয়, এটি মার্কিন প্রেসিডেন্টের ৪৩তম ক্লাব চ্যাম্পিয়নশিপ শিরোপা।

বেডমিনস্টারের সিনিয়র মেনস ক্লাব চ্যাম্পিয়নশিপে সাধারণত ৫০ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড়রা অংশ নেন। আর সুপার সিনিয়র বিভাগটি ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য। বেডমিনস্টারের পিজিএ ক্লাব চ্যাম্পিয়নশিপ-সংক্রান্ত তথ্য অনুযায়ী, ট্রাম্প ২০২৩ সালে সিনিয়র ও সুপার সিনিয়র—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হন। এছাড়া ২০২৪ সালে তিনি সিনিয়র বিভাগের শিরোপাও জেতেন।
২০২৩ সালে শিরোপা জয়ের পর ট্রাম্প বলেছিলেন, ‘কোনো এক কারণে আমি ভালো গলফার ও ক্রীড়াবিদ। আমি অনেক ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছি, আর এটি সব সময়ই বড় সম্মানের।’
তবে গলফ ক্যারিয়ারজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও উঠেছে। ক্রীড়া লেখক রিক রাইলি তার ‘কমান্ডার ইন চিট’ বইয়ে ট্রাম্পের গলফ খেলা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। এছাড়া অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন ২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে গলফে প্রতারণার অভিযোগ করেন।
রাইলি তার বইয়ে লেখেন, উইংড ফুট গলফ ক্লাবে ট্রাম্পের বল পায়ে ঠেলে আবার ফেয়ারওয়েতে ফিরিয়ে দেওয়ার ঘটনা ক্যাডিরা এতই নিয়মিত দেখতেন যে, তারা তার ডাকনাম দিয়েছিলেন ‘পেলে’।
এরপর স্কটল্যান্ডে ট্রাম্পের টার্নবেরি গলফ কোর্সে ধারণ করা একটি ভিডিও প্রকাশের পরও তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ ওঠে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের ক্যাডি তার আগে হাঁটতে হাঁটতে বলটি গর্তের আরও কাছে ফেলে দিচ্ছেন বলে মনে হচ্ছে। পরে ট্রাম্প সেই বলের কাছ থেকে শট নেন।
তবে গলফে প্রতারণার সব অভিযোগই এর আগে অস্বীকার করেছেন ট্রাম্প।
