চলনশীল
চলনশীল
পরীক্ষার হল থেকে বের হতেই বৈশাখী ঝড়ের ঠান্ডা হাওয়া আমায় ঘিরে ধরলো। স্বাধীনতার ৫০ বছর পর আজ আমার নিজেকে প্রকৃত অর্থে স্বাধীন মনে হচ্ছে। ভালো লাগছে। দূরের ওই গাছটায় সেই বসে থাকা পাখিটা; আজ খুব করে চোখ কাড়ছে আমার।
অন্য কোন সময় হয়তো ফিরেও চাইতাম না। হঠাৎ উড়াল দিয়ে আকাশের কোথায় যেন মিলিয়ে গেল সে। মন করলো তার পিছে দৌড় যাই। খুজে বেরাই তাকে। কিন্তু জীবনযুদ্ধে হেরে এতটুক বয়সে বুড়িয়ে যাওয়া এই ব্যর্থ সৈনিক আমি; দৌড়ে যাওয়ার সাহসটুকু করতে পারলাম না।
ব্যাপারটা আনমনে ভাবতেই হেসে ফেললাম! এট্টুক একটা পরীক্ষা খারাপ দিয়েই নিজেকে ব্যর্থ দাবি করে ফেললাম! এখন না হই, কিছুদিন পর পাশের মানুষের কথাগুলো যখন এই মনে এসে বিধঁবে তখন হয়তো হয়ে যাবো। খারাপ লাগা জেঁকে ধরছে। কি করবো জানি না, আশেপাশে মানুষের হট্টগোল। কেউ অট্টহাসি হাসছে, কেউবা গা-ছাড়া ভাব। মাত্রই পাশ থেকে একটি মেয়ে কাদতে কাদতে হেটে গেল। কিছুদিন পর দেখা যাবে শীর্ষ ১০০-তে তার নাম। তাকে দেখে খারাপ লাগলো। সত্যি বলতে একটু হাসিও পেল। নিজের দুঃখগুলো হাসি দিয়ে কাটিয়ে দেয়া এক অন্যরকমের আহাজারি।
কাউকে জড়িয়ে ধরতে মন চাচ্ছে। মন চাচ্ছে কাউকে মনের সমস্ত কষ্টের অনুভূতি জানিয়ে দেয়ার। কাকে বলবো? কেউ নেই বলার। ছোটবেলায় মা-বাবার মুখে তারা আমার বন্ধু শুনতে শুনতে বড় হয়েছি। একটা সময় পর্যন্ত ব্যাপারটা বিশ্বাসও করতাম। বড় হয়ে যখন দেখলাম আমার অনুভূতির চেয়ে প্রতিবেশী-আত্মীয়দের কথা তাদের মনে বেশি দাঁগ কাটে, তখন আর বিশ্বাসটা রইলো না। তখন আবার ভাবতাম প্রেমিকা আমায় বুঝবে। আমায় শুনবে। বড় হয়ে জানলাম নারীর সামনে বলে পুরুষের কাদঁতে নেই। তাই আপাতত ভাবছি কোন এক আয়নার সামনে গিয়ে আয়নাকেই জড়িয়ে ধরবো।
অনেকক্ষন হয়ে গেছে একই জা’গায় দাঁড়িয়ে আছি। আশেপাশের আওয়াজ আর নেই। থেমে গেছে প্রায়। জীবিত সকল প্রান দূরে সরে গেছে। ঠিক যেমনটা ঘটছে আমার সাথে। মনে হচ্ছে জীবন থেকে দূরে সরে যাচ্ছি। এই জন-জীর্ন পরিবেশে দাড়িয়ে নিজেকে মূর্তি মনে হচ্ছে। কত-বছর ধরে যেন এখানেই দাঁড়িয়ে আছি আমি।
আসলেই কি তাই? আসলেই কি সেই একই জা’গায় আছি আমি? থেমে গেছি জীবনে? ছোটবেলায় স্কুলে শিখেছিলাম যা বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে না তাকে তারা অসীম বলে আখ্যা দেয় আর পৃথিবী সর্বদা চলনশীল। সূর্যকে কেন্দ্র করে চলছে অসীমে। আমিও চলছি। আমিও থেমে নেই। গন্তব্য? গন্তব্য অসীমে। যেখানে আমার সাথে আরেকজনের তফাত ব্যর্থতা আর সফলতার মানদন্ডে মাপা হবে না।