উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এন্ট্রাপ্রেনার ও স্টার্টআপ সোসাইটিতে (CUESS) যুক্ত হয়েছেন শতাধিক নতুন শিক্ষার্থী। নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি সংগঠনটির ২০২৬-২৭ বর্ষের নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সদস্যদের স্বাগত জানায় সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর। বিশেষ অতিথি ছিলেন একই অনুষদের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর বলেন, ‘জীবনে ভালো করতে আপনাদের সবার সৎসাহস এবং স্বপ্ন দেখতে হবে।’

অনুষ্ঠানে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে ইচ্ছাশক্তি, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের মানসিকতার গুরুত্ব তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা।

পিউপিল স্কুল বাস লিমিটেডের প্রতিষ্ঠাতা, সিইও ও চেয়ারম্যান মো. আব্দুর রশিদ সোহাগ বলেন, ‘উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ইচ্ছাশক্তি। সফলতা একদিনে আসবে না। তবে সমাজের একটি সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা বজায় রাখলে সাফল্য আসবেই।’

টিউটর লাগবে-এর প্রতিষ্ঠাতা ফজলুর রহমান রাবি বলেন, ‘সফল বিজনেস মডেল পাওয়ার জন্য সমস্যা খোঁজা এবং তার সমাধান বের করার মানসিকতা প্রয়োজন। নিজের দক্ষতা ও আগ্রহ খুঁজে বের করাও গুরুত্বপূর্ণ। সকল শিক্ষার্থীর প্রতি আমার আহ্বান, শিক্ষা জীবনে অন্তত একটি বিজনেস করুন।’

অনুষ্ঠানে সিইউইএসএস CUESS-এর ভাইস প্রেসিডেন্ট ফাতিমা আফরোজ নবীন সদস্যদের জন্য উদ্যোক্তা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। এতে উদ্যোক্তা হওয়ার প্রাথমিক ধারণা, ব্যবসায়িক চিন্তাভাবনা এবং নতুন উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাহিব আব্বাস বাহার চৌধুরী স্বাগত বক্তব্যে নবীন সদস্যদের অভিনন্দন জানান এবং সংগঠনের সঙ্গে তাঁদের নতুন যাত্রাকে স্বাগত জানান। অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনও ছিল।

সমাপনী বক্তব্য দেন CUESS-এর সভাপতি মুশফিকুর রহমান হৃদয়।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব তৈরি এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে কাজ করে CUESS। সংগঠনটি নিয়মিতভাবে জব ফেয়ার, এন্ট্রাপ্রেনার ও স্টার্টআপ এক্সপোসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করে থাকে।