ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা রাখাসহ ৩ দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি দেয় ‘বৈষম্যহীন নারী হল চাই’ নামক একটি প্ল্যাটফর্ম।

images_2

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের গেট ২৪ ঘণ্টা খোলা রাখাসহ তিন দাবিতে আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে ‘বৈষম্যহীন নারী হল চাই’ নামক একটি প্ল্যাটফর্ম।

তাদের দাবিগুলো হলো —প্রচলিত ‘সান্ধ্য আইন’ বাতিল করে ২৪ ঘণ্টা হলের গেট খোলা রাখা, বৈধ পরিচয়পত্রের মাধ্যমে শিক্ষার্থীদের সব হলে প্রয়োজনীয় প্রবেশাধিকার এবং আবাসিক শিক্ষার্থীদের পরিবারের নারী সদস্যদের হলের কক্ষ পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী, ডাকসুর সদস্য হেমা চাকমা, সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি দেওয়ার পর সানজানা চৌধুরী রাত্রি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, ‘আমরা সাড়ে ১২টায় উপাচার্য স্যারের সঙ্গে দেখা করে আমাদের দাবিগুলো জানিয়েছি। তিনি দাবিগুলোর বিষয়ে আন্তরিক ছিলেন। তবে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’

তিনি বলেন, আগামীকাল থেকে আমরা দাবির পক্ষে ‘জনমত সংগ্রহ’ কর্মসূচি পালন করব।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোয় সাধারণত রাত ১০টার মধ্যে মূল গেট দিয়ে প্রবেশ করতে হয়। এছাড়া ‘লেট পার্মিশন’ এর মাধ্যমে ফ্লোর শিক্ষকের অনুমতি নিয়ে বিভিন্ন হলে রাত সাড়ে ১০টা পর্যন্ত প্রবেশ করা যায়।

তাছাড়া শামসুন নাহার হলে রাত ১২টা পর্যন্ত হল কার্ড দেখিয়ে কারণ উল্লেখ করে এবং সুফিয়া কামাল হলে ‘লেট পাসের’ কার্ড বানিয়ে ১০টার পর প্রবেশ করা যায়।