image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সন্তোষ ভবনের ৯ তলা থেকে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত শিক্ষার্থীর নাম বিদীপ্ত শিক্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল বলেন, ‘আমরা শুনেছি, সেই শিক্ষার্থী ব্যক্তিগত কিছু কারণ, ডিপ্রেশন এসব থেকেই লাফ দিয়েছিল। তবে বিষয়টি কতটা সঠিক তা এখনই বলা যাচ্ছে না। সেই শিক্ষার্থী সুস্থ হলে আমরা সম্পূর্ণ ঘটনা জানতে পারব।’ তিনি আরও জানান, বর্তমানে ওই শিক্ষার্থী অনেকটাই সুস্থ রয়েছেন।

জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব চন্দ্র বর্মণ জানান, ভবন থেকে পড়ার পর ওই শিক্ষার্থী নিচে একটি টিনের চালার ওপর পড়েন, যার কারণে ভাগ্যক্রমে তার মাথায় কোনো আঘাত লাগেনি।

তিনি আরও বলেন, ‘এক্স-রে, ইসিজি, এমআরআইসহ সবগুলো রিপোর্ট ভালো আছে। কোনোরূপ ফ্র্যাকচার পাওয়া যায়নি এখন পর্যন্ত।’