ভর্তি কমছে, বাড়ছে ঝরে পড়ার হার; শিক্ষক সংকটে ধুঁকছে কারিগরি শিক্ষা
ভর্তি কমছে, বাড়ছে ঝরে পড়ার হার; শিক্ষক সংকটে ধুঁকছে কারিগরি শিক্ষা
শিক্ষক সংকট, শিক্ষার্থীদের ঝরে পড়ার উচ্চ হার এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মান নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে গত পাঁচ বছরে দেশের প্রাতিষ্ঠানিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থী ভর্তির সংখ্যা প্রায় ১৫ শতাংশ কমেছে। সরকারের সহায়তায় পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) উদ্যোগে পরিচালিত ‘এ কমপ্রিহেনসিভ স্টাডি অন টিভিইটি স্কিলস ম্যাপিং’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, দেশে বিপুলসংখ্যক তরুণ জনগোষ্ঠী এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের অবকাঠামোতে বিনিয়োগ সত্ত্বেও শিক্ষার্থী ভর্তির সংখ্যা ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৪ লাখ ৮৮ হাজার ৫৫২ জন থেকে কমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৪ লাখ ১৭ হাজার ৩৫৬ জনে দাঁড়িয়েছে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারের জন্য দেশের জনবলকে প্রস্তুত করার চ্যালেঞ্জের মুখে রয়েছে বাংলাদেশ। এমন সময়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমছে।
গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, এলডিসি উত্তরণের পর অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারানোর কারণে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা চাপে পড়বে। এ পরিস্থিতিতে পর্যাপ্ত কারিগরি দক্ষতার অভাবে দেশের বার্ষিক রপ্তানি আয় প্রায় ২০০ কোটি ডলার কমে যেতে পারে।
শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে প্রশিক্ষণ
শিক্ষকের সংকট কারিগরি শিক্ষার অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গবেষণায় দেখা গেছে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের শূন্য পদের হার ২০২১ সালে ৪১ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৮১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা প্রায় দ্বিগুণ।
দেশে বর্তমানে প্রতি ৩৩ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক রয়েছেন। অথচ সরকারের লক্ষ্যমাত্রা প্রতি ১২ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী এ অনুপাত ১৫:১।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ সংকট আরও প্রকট। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে প্রতি ১০৮ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক রয়েছেন। সরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংখ্যা ৮৯ এবং টেকনিক্যাল স্কুল ও কলেজে ৬৩।
গবেষণায় আরও দেখা গেছে, কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান—টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ও ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট—এক দশকের বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় রয়েছে।
কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের ধীরগতি এবং বাস্তব কাজের অভিজ্ঞতার চেয়ে শিক্ষাগত যোগ্যতাকে বেশি গুরুত্ব দেওয়ারও সমালোচনা করা হয়েছে গবেষণায়।
ভর্তির হার কম, ঝরে পড়ার হার বেশি
দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণের সংখ্যা ৩ কোটি ২৭ লাখ হলেও ২০২৩ সালে তাদের মাত্র ৫ দশমিক ০৪ শতাংশ কারিগরি শিক্ষায় ভর্তি হয়েছেন। প্রতিযোগী বেশ কয়েকটি দেশের তুলনায় এ হার অনেক কম।
২০২৪ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ ২০ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ১২ শতাংশ কারিগরি শিক্ষা বেছে নিয়েছেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ১ লাখ ৭১ হাজার ৫০০ আসনের মাত্র ৪০ শতাংশ পূরণ হয়েছে।
শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও বেশি, বিশেষ করে উচ্চমাধ্যমিক পর্যায়ের বৃত্তিমূলক শিক্ষায়। এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ৪৪ দশমিক ৬ শতাংশ, যেখানে সাধারণ শিক্ষায় এ হার ১৯ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে ঝরে পড়ার হার ২৯ শতাংশ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ৭ দশমিক ৭ শতাংশ।
গবেষণা অনুযায়ী, আর্থিক সংকটই শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রধান কারণ। পরীক্ষায় অকৃতকার্য হওয়া ও একই শ্রেণিতে পুনরায় পড়ার হার বেশি হওয়ায় দুই বছর মেয়াদি এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম শেষ করতে গড়ে ২ দশমিক ৭৫ বছর সময় লাগছে।
কারিগরি শিক্ষায় নারী-পুরুষের বৈষম্যও চোখে পড়ার মতো। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে মোট শিক্ষার্থীর মাত্র ১৩ দশমিক ৬ শতাংশ নারী। এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে এ হার ২৭ শতাংশ।
ঝুঁকিতে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা
গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, উৎপাদনশীলতা বাড়িয়ে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হারানোর প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব না হলে এলডিসি উত্তরণের পর বাংলাদেশের মোট রপ্তানি ৫ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এতে দেশের অর্থনীতিতে বছরে প্রায় ২০০ কোটি ডলারের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক ও অন্যান্য শ্রমঘন শিল্প বেশি ঝুঁকিতে পড়বে।
শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে পুরোনো শিক্ষাক্রম ও নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সীমিত অংশগ্রহণকে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে গবেষণায়। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ১৬টি শিল্প দক্ষতা কাউন্সিল গঠন করলেও শিক্ষানবিশ প্রশিক্ষণসংক্রান্ত কার্যকর আইনের অভাবে কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণের সুযোগ সীমিত রয়েছে।
জার্মানির প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণের প্রস্তাব
বিদ্যমান দুর্বলতা কাটিয়ে উঠতে সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্পের আওতায় পরিচালিত ইআরডির গবেষণায় ২০২৬-২০৪০ মেয়াদে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) মহাপরিকল্পনা এবং ২০২৫-২০৩০ মেয়াদে বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের প্রস্তাব দেওয়া হয়েছে।
গবেষণার সুপারিশগুলোর মধ্যে রয়েছে জার্মানির আদলে শ্রেণিকক্ষে পাঠদান ও কর্মক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণের সমন্বয়ে দ্বৈত প্রশিক্ষণ পদ্ধতি চালু করা। প্রাথমিকভাবে তৈরি পোশাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং নির্মাণ খাতে এ পদ্ধতি চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ছাড়া শিল্প খাতের নেতৃত্বে শিক্ষাক্রম পর্যালোচনা, কর্মক্ষেত্রে প্রশিক্ষণদানকারী প্রশিক্ষকদের জন্য জাতীয় সনদ প্রদানের মানদণ্ড নির্ধারণ এবং নমনীয় প্রশিক্ষণব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদি কোর্স শেষ করার আগেই স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতার সনদ অর্জন করতে পারবেন।